বাংলাদেশের বিশিষ্ট ভাবুক, কবি ও দার্শনিক জালাল উদ্দিন খাঁর গান প্রসারে অনন্য ভূমিকা রাখা শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার এক শোকবার্তায় তিনি গুণী এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশের দর্শন এবং শিল্পচর্চা শত শত বছর ধরে হাতে হাত রেখে চলেছে। আমাদের এই ভূখণ্ডের মানুষ তার জাগতিক আনন্দ-বেদনার পাশাপাশি দার্শনিক ভাবনা ও সমাজচিন্তার প্রকাশ ঘটিয়েছে গান রচনার মধ্য দিয়ে। এই দেশের চিন্তার ঐতিহ্য কোনো দর্শনের বইয়ে নয়, বরং আমাদের গানেই খুঁজে পাওয়া যায়। লালন, হাসন, জালাল খাঁ, শাহ করিমসহ আরও অগণিত ভাবুক বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।
মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, সুনীল কর্মকার ছিলেন জালাল খাঁ ঘরানার একজন বিশিষ্ট সংগীত ও ভাবসাধক। বহু বছর আগে তার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল এবং তখনই তার কণ্ঠে জালাল খাঁর গান তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। গান গাওয়ার পাশাপাশি বেহালা, দোতারা সহ একাধিক বাদ্যযন্ত্রে তিনি ছিলেন সমান পারদর্শী।
উপদেষ্টা জানান, গুণী এই শিল্পীর অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দ্রুত তার পাশে দাঁড়িয়েছিল। তিনি বলেন, “এই শোকসংবাদ আমাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত বেদনাহত করেছে। সামষ্টিকভাবে এটি আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।”
রিপোর্টারের নাম 

























