বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলে দেশে ইনসাফ ও ন্যায়বিচারভিত্তিক একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার বিকেলে খুলনার বটিয়াঘাটায় আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বটিয়াঘাটা উপজেলা জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনে জোটের প্রার্থী কৃষ্ণ নন্দী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দীর্ঘ সময় ধরে দেশে অবিচার, দুর্নীতি ও চরম বৈষম্য জেঁকে বসেছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই দুরবস্থা থেকে মুক্তি পেতে হলে এবং একটি শোষণমুক্ত সমাজ গড়তে হলে আল্লাহর বিধানভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সবার জন্য সমান বিচারিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।
বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাস্টার শফিকুল আলম, জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি অধ্যাপক মুফতি মাওলানা আবুল কাইয়ুম জোয়াদ্দার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রব এবং ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. মাহবুবুল আলম মিলন। এছাড়াও বটিয়াঘাটা উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা আশরাফ আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মো. আল আমীন গোলদার এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. আব্দুল হাই বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনি এই জনসভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ কর্মসূচি সফল করার জন্য উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























