দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল টাইগাররা। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের মাটিতে জাতীয় দলের এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।
আজ দুপুর নাগাদ মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এসে পৌঁছান জাইমা রহমান। তাকে বরণ করে নিতে সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।
দিনের খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। মাত্র ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১১৪ রান, যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বনিম্ন স্কোর। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে বল হাতে একাই ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে আলো কেড়ে নেন নাহিদ।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়, নিশ্চিত করে এক দাপুটে সূচনা। এই জয় দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।
রিপোর্টারের নাম 























