আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য কে পাঠ করাবেন, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই দায়িত্ব পালন করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আইন উপদেষ্টা বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর ক্ষেত্রে দুটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের এই দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই।
দ্বিতীয়ত, নির্বাচনের ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে যদি শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করতে হয়, তবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, “যদি আমাদের বর্তমান প্রধান বিচারপতি এই দায়িত্ব পালনে সম্মত হন, তবে তিনিই শপথ পাঠ করাতে পারেন।” উপদেষ্টা আরও যোগ করেন যে, কোনো কারণে নির্ধারিত তিন দিনের মধ্যে শপথ গ্রহণ সম্ভব না হলে, এরপর প্রধান নির্বাচন কমিশনার এই কার্য সম্পাদন করতে পারবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 





















