দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এই মহাযজ্ঞের প্রস্তুতিতে একটি বড় পদক্ষেপ নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। ঘোষিত ভেন্যুগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুকের একটি স্টেডিয়াম অন্তর্ভুক্ত রয়েছে। এই স্মরণীয় মুহূর্তে সেখানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আইকন গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা এবং কাগিসো রাবাদা উপস্থিত ছিলেন। এছাড়াও জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেনও অনুষ্ঠানে যোগ দেন।
দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যু হলো জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, শোয়ানের সেঞ্চুরিয়ন, কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, গেবেখার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং কুগোমপো সিটির বাফেলো পার্ক। জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হলো হারারের হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের নতুন নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নামিবিয়ার ম্যাচগুলো উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
জোহানেসবার্গে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিশ্বকাপের নতুন ব্র্যান্ডিংও উন্মোচন করা হয়। ‘উবুন্টু’ দর্শনকে সামনে রেখে সাজানো হয়েছে ২০২৭ আসরের পরিচিতি, যার মূল বার্তা হলো ঐক্য, মানবিকতা ও আফ্রিকার আতিথেয়তা। আইসিসির মতে, এই বিশ্বকাপ শুধু ক্রিকেটের লড়াই নয়, বরং আফ্রিকার সংস্কৃতি ও বৈচিত্র্যকে বিশ্বের সামনে তুলে ধরারও একটি বড় উপলক্ষ। ২০০৩ সালের পর এই প্রথম আফ্রিকা বিশ্বকাপের আয়োজন করছে, যেখানে নামিবিয়ার জন্য এটি হবে প্রথমবারের মতো বিশ্বকাপ ভেন্যু হওয়ার গৌরব।
এবারের বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। আইসিসি ইতোমধ্যে টুর্নামেন্টের নতুন প্রতিযোগিতা কাঠামোও নির্ধারণ করেছে, যেখানে আরও বেশি দলকে নকআউটের লড়াইয়ে টিকে থাকার সুযোগ দেওয়া হবে। ক্রিকেটবিশ্ব প্রত্যাশা করছে, আফ্রিকার ঐতিহাসিক মাঠগুলোতে আবারও জন্ম নেবে নতুন সব স্মরণীয় মুহূর্ত। ২০২৭ বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই শুরু হচ্ছে জল্পনা-কল্পনা।
রিপোর্টারের নাম 

























