আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দর্শকপ্রিয় জুটি জোভান ও নীহার অভিনীত নতুন একটি নাটক আসছে। জাকারিয়া সৌখিন পরিচালিত ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের এই নাটকটি বিশ্ব ভালোবাসা দিবসে সিএমভি’র ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে।
নাটকের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কাব্য (জোভান) নামের এক তরুণের অব্যক্ত প্রেম। কাব্য তার কবিতা ও গানের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করতে ভালোবাসে। একটি রেস্টুরেন্টে নিয়মিত গান গেয়ে সে জীবন ধারণ করে। ইন্টারমিডিয়েট জীবন থেকেই কুহু (নীহা) নামের একটি মেয়েকে ভালোবেসে আসছে কাব্য, কিন্তু কখনো সাহস করে মনের কথা বলতে পারেনি। ঘটনাক্রমে কুহু একদিন এলাকা ছেড়ে চলে যায়। দীর্ঘ বছর পর তাদের আবার দেখা হয়। কুহুকে ফিরে পেয়ে কাব্যের দীর্ঘদিনের চাপা পড়া প্রেম নতুন করে জেগে ওঠে। কিন্তু এবারও সে কুহুকে সরাসরি ‘ভালোবাসি’ বলতে পারে না।
মুখে বলতে না পারলেও, কাব্য তার লেখা কবিতা ও গানের মাধ্যমে অনবরত নিজের অব্যক্ত ভালোবাসার অনুভূতি প্রকাশ করে। অবশেষে কাব্য কি পারবে কুহুর কাছে তার মনের গোপন কথাটি ব্যক্ত করতে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘যে কথা হয়নি বলা’ নাটকটি প্রচারের পর।
নাটকটি নিয়ে অভিনেতা জোভান বলেন, “এই নাটকটি আমাদের দুজনেরই অনেক পরিশ্রমের ফসল। নীহার সঙ্গে আমার জুটি দর্শক সবসময়ই পছন্দ করে, আর এবার সৌখিন ভাইয়ের মতো একজন স্বনামধন্য নির্মাতার পরিচালনায় কাজটি করতে পেরে আমরা আনন্দিত। আশা করি, ভ্যালেন্টাইনে দর্শক একটি চমৎকার উপহার পেতে যাচ্ছে।”
অভিনেত্রী নাজনীন নাহার নীহা বলেন, “নাটকের গল্পটি খুবই সহজ, সরল এবং সাবলীল। ভালোবাসা দিবসের মতো বিশেষ দিনে এমন একটি গল্পই দর্শক সবসময় উপভোগ করেন।”
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, “আমার এই নাটকটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা, যা বিশেষভাবে ভ্যালেন্টাইন ডে-কে মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। গল্পের প্রয়োজনে জোভান এবং নীহাকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে, তাই ওদের দুজনকেই নিয়ে কাজটি করেছি। আশা করি, এই ভ্যালেন্টাইনে দর্শক আমাদের মিউজিক্যাল ড্রামাটি দারুণ উপভোগ করবেন।”
‘যে কথা হয়নি বলা’ নাটকে দুটি গান রয়েছে। প্রথম গানটির কথা ও সুর করেছেন সোমেশ্বর অলি। দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী এবং এর সুর করেছেন নাজির মাহমুদ।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু নিশ্চিত করেছেন যে, ‘যে কথা হয়নি বলা’ নাটকটি আসছে ভালোবাসা দিবসের আগেই সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























