বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
এর আগে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করেন। তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান তিনি। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
শুনানি চলাকালে বাদীপক্ষের আইনজীবী মো. আবদুর রাজ্জাক জামিনের তীব্র বিরোধিতা করেন। তিনি আদালতে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ও মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে। নির্বাচনের আগে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন এবং আসামির জামিন বাতিলের প্রার্থনা জানান।
শুনানির একপর্যায়ে বিচারক আসামির বক্তব্য জানতে চাইলে ছরওয়ারে আলম নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তিনি আদালতকে বলেন, “আমি এ ধরনের কোনো কাজ করিনি। তদন্ত কর্মকর্তাকে শুরু থেকেই সব ধরনের সহযোগিতা করে আসছি। এমনকি আমার মোবাইল ও ল্যাপটপ আমি স্বেচ্ছায় তাদের কাছে হস্তান্তর করেছি।” কর্মজীবনের শেষ প্রান্তে এসে এবং পরিবারের কথা চিন্তা করে তিনি এমন কোনো গর্হিত কাজ করবেন না যা তার পেনশন বা সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করে বলে আদালতকে অবহিত করেন।
উল্লেখ্য, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
রিপোর্টারের নাম 

























