প্রচলিত ‘খেয়েছো’, ‘খেয়েছেন’ বা ‘খেয়েছিস’—এই সাধারণ শব্দগুলোর গভীরে লুকিয়ে থাকে অকৃত্রিম ভালোবাসা আর যত্নের এক গভীর বার্তা। এই ভাবনা থেকেই নির্মাতা রাকায়েত রাব্বি নির্মাণ করেছেন তাঁর নতুন কনটেন্ট ‘টিফিন বক্স’। এই কাহিনিচিত্রে তিনি খাবারকে অনুষঙ্গ করে ভালোবাসার এক ভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন।
আসন্ন ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে এই ফ্ল্যাশ ফিকশন কনটেন্টটি। আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা (১০ ফেব্রুয়ারি) থেকে দর্শকরা চরকিতে উপভোগ করতে পারবেন সীমিত দৈর্ঘ্যের এই কাহিনিচিত্রটি। রাকায়েত রাব্বির গল্প, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনায় এতে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও প্রান্তর দস্তিদার।
খাবারের সঙ্গে জড়িত এই গল্পে অভিনয়শিল্পীদের রান্না করতেও দেখা যাবে। অভিনেতা প্রান্তর দস্তিদার জানিয়েছেন, এই কনটেন্টে তাকে একজন দক্ষ রাঁধুনি হিসেবে দেখা যাবে। অন্যদিকে, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বাস্তব জীবনে রান্না করতে ভালোবাসলেও, ‘টিফিন বক্স’ গল্পে তাঁর চরিত্রটি রান্না করে না। তাঁর অভিনীত মিতু নামের চরিত্রটি একজন উচ্ছল ও স্বাধীনচেতা নারী, যিনি কোনো সম্পর্কে জড়াতে চান না। তবে সময়ের পরিক্রমায় তাঁর জীবনেও ভালোবাসার ছোঁয়া লাগে। চমক বলেন, “চরিত্রটি অনেক আনন্দে বাঁচতে চায়, কোনো পিছুটান রাখতে চায় না। কিন্তু সেই চরিত্রটিকেই একসময় বলতে হয় ‘সৃষ্টিকর্তা এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন, যাদের প্রেমে না পড়ে থাকা যায় না’। মিতু নামের এই চরিত্রটিকে সবাই পছন্দ করবে।”
নির্মাতা রাকায়েত রাব্বি এই গল্প প্রসঙ্গে বলেন, “মানুষের ভালোবাসা আসলে এক ধরনের বিদ্রোহ। এই নশ্বর পৃথিবীর নিয়ম হলো ফুরিয়ে যাওয়া, কিন্তু ভালোবাসা সেই ফুরিয়ে যাওয়ার বিরুদ্ধে লড়ে। এটি মূলত সময় এবং অস্তিত্বের এক লড়াই। জীবনের সব স্বাদ যখন তেতো হয়ে যায়, তখন কেবল ভালোবাসাই পারে তার ভারসাম্য ফিরিয়ে আনতে।”
‘টিফিন বক্স’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন শারমিন সুলতানা শর্মী এবং টুনটুনি সোবহান। আলফা–আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি যৌথভাবে এই ফ্ল্যাশ ফিকশনটি প্রযোজনা করেছে। চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এটি প্ল্যাটফর্মের নিজস্ব অরিজিনাল কনটেন্ট নয়।
এর আগে চরকিতে ‘খুব কাছেরই কেউ’, ‘অন্ধ বালক’, ‘গ্যাড়াকল’, ‘পারফেক্ট ওয়াইফ’ এবং ‘থার্সডে নাইট’—এই পাঁচটি ফ্ল্যাশ ফিকশন মুক্তি পেয়েছে।
রিপোর্টারের নাম 

























