এক নতুন ধারার গান নিয়ে হাজির হয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। বড়দের উদ্দেশ্যে ছোটদের পক্ষ থেকে কিছু বার্তা নিয়ে এসেছে তার গাওয়া নতুন গান ‘অবিশ্বাসের দেশে’। এই গানটি ভিন্ন ধারার এবং জীবনমুখী ঘরানার, যেখানে শিশুদের সরল দৃষ্টিতে বড়দের কিছু ভুলত্রুটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
স্থপতি এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা এই গানটির সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। এটি মৃন্ময়ীর গাওয়া তৃতীয় মৌলিক গান। ‘এক নির্ঝরের গান’ প্রজেক্টের অংশ হিসেবে গানশালা ইকেএনসি নামের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে।
গানের কথায় ফুটে উঠেছে সমাজের কিছু বাস্তব চিত্র। যেমন—‘ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে/ আবোল-তাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে/ ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে/ ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে/ অবিশ্বাসের দেশে/ একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে।’ যদিও গানটি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৈরি, তবে এর মূল বার্তাটি অরাজনৈতিক এবং এটি বড়দের বিবেকের কাছে আবেদন জানায়।
গানটি তৈরির প্রেক্ষাপট ব্যাখ্যা করে এনামুল করিম নির্ঝর বলেন, “বর্তমান সময়ে মানুষের মধ্যে একে অপরের কথা শোনার মানসিকতা কমে গেছে। শিশুরা আমাদের চারপাশের অন্যায়-অনিয়মগুলো দেখে। কিন্তু তারা সরাসরি কিছু বলতে পারে না। তাই আমি ভেবেছি, যদি শিশুরা বড়দের উদ্দেশ্যে গান গায়, তাহলে তা হয়তো সবার কানে পৌঁছাবে এবং আমাদের মধ্যে কিছুটা হলেও সচেতনতা তৈরি হবে। এই চেষ্টারই একটি ফল হলো মৃন্ময়ী মেঘার কণ্ঠে ‘অবিশ্বাসের দেশে’ গানটি।”
এই ভিন্ন ধারার গানটি গেয়ে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা ইতিমধ্যেই বড়দের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। গানটি প্রসঙ্গে মৃন্ময়ী জানায়, “নির্ঝর আংকেলের কথা ও সুরে এবং মুন আংকেলের সংগীতে এটি আমার দ্বিতীয় গান। এই গানটি গাইতে আমার খুব ভালো লেগেছে এবং ভিডিওটিও খুব সুন্দর হয়েছে। আশা করি, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর গান গাইতে পারি।”
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান ছিল ‘ভূতের রাজা দিলো বর’, যা ২০২৪ সালে অটমনাল মুনের কথা, সুর ও সংগীতে প্রকাশিত হয়েছিল। এরপর ২০২৫ সালে সে এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে ‘হাউ মাউ খাউ’ গানটি গেয়েছিল। এবার ‘অবিশ্বাসের দেশে’ গানটি দিয়ে সে আরও একবার তার গায়কীর ভিন্নতা প্রমাণ করলো।
রিপোর্টারের নাম 

























