ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে জনগণের নিরঙ্কুশ রায়ে, এমন বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি আরও বলেন, যারা জনগণের মতামতকে তুচ্ছতাচ্ছিল্য করে ক্ষমতায় আসার চেষ্টা করে, তারা দেশ ও দশের জন্য অকল্যাণ ডেকে আনে এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে।
বুধবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বরিশাল বেলস পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান উল্লেখ করেন যে, বাংলাদেশে নতুন ধরনের জালিমদের উত্থান হয়েছে, যারা গুপ্ত সংগঠনের ছায়ায় কাজ করছে।
তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দল নির্বাচনের পূর্বে জাল ব্যালট পেপার ছাপানোর অপচেষ্টায় লিপ্ত এবং সাধারণ নারী-পুরুষদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। যারা নির্বাচনের প্রাক্কালে এমন প্রতারণার আশ্রয় নেয়, তারা কীভাবে সৎ ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
দলীয় নেতাদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বলেন, আগামী ১৩ তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর জনগণের পাশে থাকতে হবে, তাদের সমর্থন আদায় করতে হবে। জনগণের সমর্থন ছাড়া কি পরিণতি হতে পারে, তা বিগত ৫ আগস্টের ঘটনা থেকে স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
দীর্ঘ দুই দশক পর তারেক রহমান বরিশালে পা রাখেন এবং নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশাল পৌঁছানোর পর তিনি নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় যোগ দেন।
রিপোর্টারের নাম 






















