গণতন্ত্রের সুবাতাস বইবে আগামীর বাংলাদেশে; যেখানে বাকস্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসন হবে অবিচ্ছেদ্য অংশ—এমনটাই জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। বুধবার রাজধানীর গুলশানে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (RFED) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। সমাজের সকল স্তরের মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
নির্বাচনী প্রক্রিয়ার শুদ্ধতা রক্ষায় সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন বলেন, দেশ ও জনগণের স্বার্থে যেকোনো ধরনের নির্বাচনী অনিয়ম, কারচুপি এবং কারসাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, বিএনপি যদি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে অতীতের মতোই সর্বোচ্চ পর্যায়ের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
তিনি আশ্বাস দেন যে, একটি বিএনপি সরকার গণমাধ্যম এবং সংবাদকর্মীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা, নিরাপত্তা এবং তাদের সকল অধিকার আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণকারী সাংবাদিক সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















