আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যায়, তবে ভোটাররা তাদের ন্যায়সঙ্গত রায়ের মাধ্যমেই সঠিক সিদ্ধান্তের প্রতিফলন ঘটাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এদেশের মানুষ সব সময়ই সঠিক বিচার করতে জানে, কেবল প্রয়োজন তাদের অবাধে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।
বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, বরং এটি দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা এক রক্তক্ষয়ী গণতান্ত্রিক সংগ্রামের ফসল। বিগত ১৬-১৭ বছর ধরে দেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনের নামে যে উৎসবমুখর পরিবেশ এদেশের ঐতিহ্য ছিল, তা বিগত সরকারের আমলে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
বিগত বছরগুলোর নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে বিএনপি নেতা বলেন, গত দেড় দশকে দেশে নির্বাচনের নামে প্রহসন চলেছে। কেন্দ্র দখল, ব্যালট পেপার লুট আর ভয়ের সংস্কৃতি তৈরি করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। সেই দুঃসহ সময় পেরিয়ে এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে দেশবাসী। তিনি বিশ্বাস করেন, ভয়ের সংস্কৃতি কাটিয়ে ভোটাররা যদি কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তবে জনআকাঙ্ক্ষারই জয় হবে।
রিপোর্টারের নাম 






















