বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাকিংয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানে নেমেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর মতিঝিল এলাকার এজিবি কলোনিতে এই অভিযান শুরু হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হ্যাকারদের ধরতে এই তল্লাশি চালানো হচ্ছে। অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে বিতর্কিত সেই পোস্টটি পরবর্তীতে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনার প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়। দলটির দাবি, সাইবার হামলার মাধ্যমে আমিরের এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছিল এবং হ্যাকাররা সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য প্রকাশ করেছে। ওই পোস্টের সঙ্গে ডা. শফিকুর রহমানের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে ঘটনাটিকে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে দলটি। মূলত ওই সাইবার হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনতেই গোয়েন্দা পুলিশের এই তৎপরতা চলছে।
রিপোর্টারের নাম 






















