রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ে বিএনপিকে আগামী নির্বাচনে এ দেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তিনি বলেন, দেশের মানুষ আর কোনো ব্যর্থ শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।
মঙ্গলবার নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির বিগত শাসন আমলের সমালোচনা করে তারিকুল ইসলাম বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তাদের অদূরদর্শিতার কারণেই দেশে ‘ওয়ান ইলেভেনে’র মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যার ফলে পরবর্তী ১৬ বছর দেশ এক অন্ধকার ও ফ্যাসিবাদী শাসনের কবলে নিমজ্জিত হয়। এই দীর্ঘ সময়ে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তিনি আরও যোগ করেন, যারা নিজেদের অভিজ্ঞ দাবি করেন, তাদের সেই অভিজ্ঞতা মূলত ব্যর্থতার অভিজ্ঞতা। এই ব্যর্থতার কারণেই আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে।
বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানের কঠোর সমালোচনা করে এনসিপির এই নেতা অভিযোগ করেন, যারা ক্ষমতায় যাওয়ার লোভে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগের সাথে আঁতাত করছে, দেশের মানুষ তাদের কখনোই ক্ষমা করবে না। তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, বর্তমানে যে ধরনের সহিংস ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হচ্ছে, তা অব্যাহত থাকলে সাধারণ জনগণ তাদের চূড়ান্তভাবে বর্জন করবে।
এ সময় টিআইবির প্রতিবেদনের সূত্র ধরে রাজনীতিতে সহিংসতার প্রসঙ্গের অবতারণা করে তিনি বলেন, যারা মুখে শান্তির কথা বলে বাস্তবে অশান্তি ও সংঘর্ষে লিপ্ত হয়, বাংলাদেশের সচেতন নাগরিকরা তাদের আর গ্রহণ করবে না।
ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তারিকুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের সেই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে ভোটকেন্দ্র পাহারা দেব এবং প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করব। যেকোনো ধরনের জবরদস্তিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে ‘লাল কার্ড’ প্রদর্শন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















