জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক এবং আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় বঙ্গভবন কর্মকর্তার ই-মেইল ব্যবহারের বিষয়ে তথ্য জানতে রাষ্ট্রপতির কার্যালয়কে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দলটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে নতুন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে জামায়াত।
মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর এক প্রেস ব্রিফিংয়ে এই আল্টিমেটামের কথা জানায়। জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ও ডিজিটাল ক্যাম্পেইন টিমের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী তাদের অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেন। আইডি হ্যাকের বিষয়টি নিয়ে তার সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়। সিরাজুল ইসলাম জানান, হ্যাকের ঘটনায় সরকারি ই-মেইল আইডি ব্যবহারের বিষয়ে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে তারা শতভাগ নিশ্চিত হয়েছেন। সামরিক সচিব তাদের জানিয়েছেন যে, বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।
ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম আরও জানান, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করে নারী বিদ্বেষী একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের আইটি টিম চেষ্টা চালিয়ে বিকেল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায়। এরপর ৫টা ২২ মিনিটে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। আইডি হ্যাকের ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরদিন সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। ওই হ্যাকে বঙ্গভবন কর্মকর্তার সরকারি ই-মেইল আইডি ব্যবহারের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলে অভিযোগ করা হলেও বেশ কয়েকদিন কোনো সাড়া না পাওয়ায় তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানতে বঙ্গভবনে যান।
জামায়াত নেতা অভিযোগ করেন, জামায়াত আমির যখন নারীদের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নারী সমাজে তার প্রতি আস্থা ও জনপ্রিয়তা বাড়ছে, ঠিক তখনই তার বিরুদ্ধে অপপ্রচারের জন্য সুপরিকল্পিতভাবে এই এক্স আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এটি একটি পরিকল্পিত কাজ। রাষ্ট্রীয় একটি ই-মেইল ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এভাবে জামায়াতের জনসমর্থনকে ঠেকানো যাবে না।
ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম পুনর্ব্যক্ত করেন, তারা বঙ্গভবনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে কোনো নতুন তথ্য বা আপডেট না পেলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রিপোর্টারের নাম 






















