জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষী ও আপত্তিকর পোস্ট ছড়ানোর প্রতিবাদ জানাতে এবং এই ঘটনায় বঙ্গভবনের ই-মেইল ব্যবহারের গুরুতর অভিযোগ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে যাচ্ছে দলটির একটি প্রতিনিধিদল।
জানা গেছে, জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গভবনে প্রবেশ করবে।
এর আগে গত শনিবার বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। হ্যাকাররা অ্যাকাউন্টটি ব্যবহার করে নারীবিদ্বেষী ও আপত্তিকর বিভিন্ন পোস্ট প্রচার করে। বিষয়টি নজরে আসার পরপরই জামায়াতের আইটি বিশেষজ্ঞরা দ্রুত পদক্ষেপ নিয়ে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াত কর্তৃপক্ষ ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং সাইবার ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। দলটির অভিযোগ, হ্যাকিংয়ের এই ঘটনায় বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
রিপোর্টারের নাম 






















