মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ২০ জন নেতা-কর্মীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি।
গত রবিবার (২ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত নেতা-কর্মীরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন-বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দলের শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই তাঁদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বহিষ্কৃত নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন:
১নং মির্জাপুর ইউনিয়ন বিএনপি থেকে আহ্বায়ক আব্দুল আউয়াল, সদস্য মো. ফজলুল হক মোল্লা ও মোহাম্মদ বকুল মিয়া;
৪নং সিন্দুরখান ইউনিয়ন বিএনপি থেকে সদস্য সাখাওয়াত হোসেন মাস্টার ও তানভীর হেলাল;
৮নং কালীঘাট ইউনিয়ন বিএনপি থেকে সদস্য ভুট্টু খান, ইদ্রিস মেম্বার ও উজ্জ্বল গোয়ালা;
৬নং আশিদ্রোণ ইউনিয়ন বিএনপি থেকে যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া এবং সদস্য মো. হাবিব ও ডা. সুহেল;
২নং ভূনবীর ইউনিয়ন বিএনপি থেকে সদস্য শাশী আহমেদ ও আবুল কালাম;
৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন বিএনপি থেকে যুগ্ম আহ্বায়ক আফজাল তরফদারসহ সদস্য লিটন মিয়া, শাহজান মেম্বার, আব্দুর রহমান পাঠান ও কাজী জাহাঙ্গীর;
এবং ৫নং কালাপুর ইউনিয়ন বিএনপি থেকে সদস্য আ. শহীদ ও ফিরুজ মেম্বার।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী এবং যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান চৌধুরী (তুহিন) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দলের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কাঠামোকে সুদৃঢ় করতে ভবিষ্যতেও যেকোনো প্রকার শৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























