নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর চলমান হামলা, নির্যাতন ও সহিংসতাকে ধামাচাপা দিতেই দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার দাবি জানিয়েছে জামায়াত।
সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশের ১৭টি জেলায় ৩৩টি স্থানে বিভিন্ন মহলের পক্ষ থেকে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলা, হুমকি ও শারীরিক আঘাতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
জুবায়ের আরও উল্লেখ করেন, সম্প্রতি একটি রাজনৈতিক দলের এক নেতা নারীদের বোরকা ও হিজাব পরিধান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যা নারীদের মধ্যে এক ধরনের ভীতিজনক বার্তা দিচ্ছে। তিনি অভিযোগ করেন, সারা দেশে জামায়াতের প্রতি নারীদের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে, এর ফলে একটি পক্ষের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এই চাপ থেকেই এমন ধরনের কর্মকাণ্ড ঘটানো হচ্ছে।
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জুবায়ের বলেন, নারীদের কল্যাণে জামায়াত কী করতে চায়, সেই বিষয়ে দলটির আমির কথা বলছিলেন, ঠিক তখনই তার টুইটার আইডি হ্যাক করা হলো। আরও উদ্বেগের বিষয় হলো, হ্যাক করার সময় বঙ্গভবনের ইমেইল আইডি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনকে দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অ্যাডভোকেট জুবায়ের দৃঢ়তার সঙ্গে বলেন, জামায়াত এসব মিথ্যা অভিযোগের মোকাবিলা জনগণের সহযোগিতা নিয়ে করবে। তিনি আশা প্রকাশ করেন, সকল ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা হবে এবং জামায়াত বিপুল জনসমর্থন নিয়ে এগিয়ে যাবে।
রিপোর্টারের নাম 






















