জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, অতীতের কোনো সরকারের মতো তারা ভারতের তোয়াজ করে ক্ষমতায় থাকতে চান না, বরং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করে আত্মমর্যাদাশীল রাষ্ট্র পরিচালনা করতে চান। তিনি হুঁশিয়ারি দেন, তাদের ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশে গুণগত পরিবর্তন আসবে, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি বা দখলদারিত্বের কোনো স্থান থাকবে না, এবং দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া হবে না। সোমবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেন্দ্র জামায়াতের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের তার বক্তব্যে বলেন, অতীতে অনেক সরকার মনে করতো যে, ভারতের তোয়াজ না করে ক্ষমতায় থাকা যায় না। কিন্তু আমরা মনে করি, শুধু আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না করেও পৃথিবীতে চলা যায়। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তার দল ভারতের কাছে মাথা নত করবে না।
তিনি আশা প্রকাশ করেন, ইসলামী সমমনা দল, বীরমুক্তিযোদ্ধার দল ও জুলাই বিপ্লবের দল নিয়ে গঠিত ১১ দলীয় জোট এবার ক্ষমতায় এলে দেশের চিত্র বদলে যাবে। তিনি বলেন, দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে, কোনো চাঁদাবাজি বা দখল চলবে না। এমনকি নিজ দলের কোনো ব্যক্তি অন্যায় করলেও তাকে শাস্তি পেতে হবে, দলীয় পরিচয়ে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া হবে না।
জামায়াত নেতা ডা. তাহের এই নির্বাচনকে শুধু একজন সংসদ সদস্য নির্বাচিত করার নির্বাচন নয়, বরং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, গত ৫৬ বছরে আমরা বিভিন্ন সরকার দেখেছি, মূলত তিনটি প্রধান দল দেশ শাসন করেছে। দলগুলো ভিন্ন হলেও তাদের চরিত্রগতভাবে অনেক মিল ছিল। দুর্নীতি, খুন, রাহাজানি, দখলদারিত্ব, চাঁদাবাজি, লুটপাট ও সম্পদ চুরির ক্ষেত্রে সব দলের সময়েই এক রকম চিত্র দেখা গেছে। দলের নাম ভিন্ন হলেও তাদের কার্যক্রমে যথেষ্ট মিল ছিল।
তিনি আরও বলেন, এইবার জুলাই বিপ্লবের পর বাংলাদেশে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে, নির্বাচনের মাধ্যমে যদি আমরা একটি নতুন দলকে সরকারে আনতে পারি, তাহলে ৫৬ বছরের পুরনো দুর্নীতি ও অরাজকতার ধারা পরিবর্তন হয়ে যাবে।
ডা. তাহের বলেন, তারা মানুষের মন জয় করে বিজয় অর্জন করতে চান এবং একটি ঐতিহাসিক বিজয়ের জন্য আল্লাহর সাহায্য কামনা করেন। তিনি আশা করেন, এই নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হতে পারবেন। এ জন্য তিনি দলমত নির্বিশেষে দেশের বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে বলেন, চৌদ্দগ্রামে ১৮০ কোটি টাকার উন্নয়ন কাজের বরাদ্দ পাশ হয়েছে এবং এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না।
গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে এবং জামায়াত নেতা কামরুল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, গুণবতী ইউনিয়ন সাথী শাখার সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন এবং সাবেক মেম্বার হাফেজ উদ্দিন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এনসিপি নেতা খালেদ রায়হান, কুমিল্লা মহানগর ১৪নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম মিয়াজী, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান, শাহাব উদ্দিন এবং ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আহমেদ হেলাল।
রিপোর্টারের নাম 























