বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণ আজ তারেক রহমানের নেতৃত্বেই সঠিক পথের সন্ধান খুঁজে পাচ্ছে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন, বিএনপি বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, দুঃশাসনের অবসান ঘটবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের চারিপাড়া বাজার চৌমুহনী বালুর মাঠ প্রাঙ্গণে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ হোসেন তার বক্তব্যে নির্বাচনকে কোনো ব্যক্তি বা দলের লড়াই না বলে এটিকে গণতন্ত্র বনাম দুঃশাসনের মধ্যকার একটি সংগ্রাম হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ধানের শীষে প্রতিটি ভোট মানেই লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের সরাসরি রায়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বিএনপিকে জনগণের কাছে একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল হিসেবে উল্লেখ করে তিনি তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের সুযোগ দিতে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিএনপি ক্ষমতায় এলে দেশের ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, এবং কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দেন ড. মোশাররফ।
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, তবে তার নাম বা দলের নাম ব্যবহার করে কেউ কোনো অনৈতিক কাজে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। ড. মোশাররফ পুনর্ব্যক্ত করেন, বিএনপি মানেই শুদ্ধ রাজনীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতা।
বারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহিউদ্দিন সরকার, বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সওদাগর এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।
রিপোর্টারের নাম 























