বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে এক নির্বাচনি জনসভায় অংশ নিতে আসছেন। তার এই আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভার সার্বিক প্রস্তুতি জানাতে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা জামায়াত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আজ বেলা সাড়ে ১১টায় শহরের নগুয়া এলাকার জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচনি জনসভার সার্বিক প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। তিনি জানান, আগামীকাল সকাল ৯টা থেকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনি সভা শুরু হবে। সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভা সফল করতে শৃঙ্খলাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মাওলানা নাজমুল ইসলাম আরও জানান, এই জনসভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। এছাড়াও জেলার ৬টি আসনের ১১ জন প্রার্থী উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার সেক্রেটারি শামসুল ইসলাম সেলিম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 























