শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি সাংবাদিকদের জানান, রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান আসামি মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বাদী হয়ে মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত শনিবার (৩১ জানুয়ারি) শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মামলার বিস্তারিত তথ্য জানানো হয়। মামলায় ২৩১ জনকে সুনির্দিষ্টভাবে এবং আরও প্রায় ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রিপোর্টারের নাম 























