মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় দুই মৌয়াল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজৈর পৌর এলাকার বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে কৃত্রিম মধু চাষের জন্য ব্যবহৃত একটি ট্রাক (রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন ১৩-৯৬৫৩) ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর ট্রাকটি সড়কের পাশে থাকা খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে দুই শ্রমিক মারা যান।
নিহতরা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ি থানার আমজাদের ছেলে রানা (২৭) এবং একই থানার মুক্তারের ছেলে লিখন (১৮)। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।
মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন আল-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আনুমানিক রাত চারটার দিকে রাজৈর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড় ব্রিজের ঢালে রোড ডিভাইডারের উত্তর পাশে ঢাকা হতে বরিশালগামী একটি মৌচাকের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
রিপোর্টারের নাম 























