নারী সমাজের উন্নয়ন, অধিকার রক্ষা এবং তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর এলাকার ৪৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে ইশরাক হোসেন এসব কথা বলেন। এদিন তিনি ওই এলাকার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।
পথসভায় ইশরাক হোসেন সম্প্রতি তার সঙ্গে সাক্ষাৎ করা কয়েকজন কর্মজীবী নারীর উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “কিছু কর্মজীবী নারী আমার কাছে এসে তাদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন। তারা জানতে চেয়েছেন, রাজনৈতিক পটপরিবর্তন হলে তাদের কর্মসংস্থান বা নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটবে কি না। আমি তাদের আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুযোগ আমরা দেব না। বিএনপি সব সময় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সম্মানের কথা চিন্তা করে।”
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে। গত ১৭ বছর ধরে বিএনপি নেতা-কর্মীরা যে জেল-জুলুম, গুম ও খুনের শিকার হয়েছেন, তার অবসান ঘটাতে একটি সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তিনি এ সময় গুম হওয়া ছাত্রনেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ওপর জোর দেন।
ইশরাক হোসেন আরও বলেন, বিএনপি একটি অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ চায়, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। তিনি বিশ্বাস করেন, যদি একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তাতে জয় হবে বাংলাদেশের এবং এ দেশের আপামর জনসাধারণের। দলীয় নেতা-কর্মীদের প্রতি উসকানিমূলক আচরণ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপির প্রতি জনগণের বিপুল সমর্থন রয়েছে। আমাদের এই জনসমর্থন যেন কোনো অপচেষ্টায় নস্যাৎ না হয়, সেদিকে সজাগ থাকতে হবে।”
নির্বাচনী প্রচারণায় ইশরাক হোসেন আশাবাদ ব্যক্ত করেন যে, ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে এবং দলের শীর্ষ নেতা তারেক রহমান দেশের হাল ধরবেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথে নারী-পুরুষ, ধনী-দরিদ্র নির্বিশেষে সবার নাগরিক অধিকার রক্ষায় বিএনপি কাজ করে যাবে।
গণসংযোগকালে ইশরাক হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ সাহেদ মন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নেন।
রিপোর্টারের নাম 
























