নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রাস্তা পারাপার নিয়ে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর গানম্যান কর্তৃক বিএনপি কর্মীদের দিকে অস্ত্র তাক করার। রবিবার গভীর রাতে উপজেলার বাফলা মাস্টারপাড়া এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, নীলফামারী-৪ আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন। পথে বাফলা মাস্টারপাড়ার সরু রাস্তায় তার গাড়িবহর জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলমের গাড়িবহরের মুখোমুখি হয়। গাড়ি চলাচলের পথ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এসময় জাপার প্রার্থী সিদ্দিকুল আলমের গানম্যান আব্দুর রাজ্জাক বিএনপি কর্মীদের লক্ষ্য করে অস্ত্র তাক করেন। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠলে উপস্থিত বিএনপি কর্মীরা গানম্যানকে আটক করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও কিশোরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রণচন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান জুয়েল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে অস্ত্র তাক করা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
এদিকে, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ নির্বাচনে জাপার প্রার্থীর বিরুদ্ধে অবৈধ অর্থ ব্যবহারের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থীর ছোট ভাই তারিক এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাদের নিরাপত্তাকর্মীরা বৈধ লাইসেন্সধারী এবং এটি প্রতিপক্ষের অপপ্রচার। তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপি কর্মীরা গাড়ি ভাঙচুর করেছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুছ জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
রিপোর্টারের নাম 

























