শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এই প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি নির্বাচনি ইশতেহার ঘোষণার মতো জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কেবল একটি পরিবারের জন্য নয়, বরং পুরো জাতির জন্য গভীর শোকের কারণ। তিনি প্রশ্ন তোলেন, রক্তের দাগ শুকানোর আগেই হত্যা মামলার প্রধান আসামিসহ ৪০ জন আসামিকে আগাম জামিন দেওয়া হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনা ন্যায়বিচার প্রাপ্তির প্রত্যাশাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
গোলাম পরওয়ার আরও বলেন, এমন সিদ্ধান্ত স্পষ্ট ও আলোচিত হত্যাকাণ্ডের মামলায় অপরাধীদের আরও সাহস যোগাবে এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতাকে উৎসাহিত করবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি বিচার প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা হ্রাস পাবে।
তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, উচ্চ আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
রিপোর্টারের নাম 
























