আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলেছেন এবং পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনি এজেন্ট নওফল জমির এই অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, শনিবার দিবাগত রাতে পঞ্চগড় সদর থানাধীন ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী জামিয়া কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার সামনে স্থাপিত বিএনপি প্রার্থীর নির্বাচনী ব্যানারটি অজ্ঞাত ব্যক্তিরা পুড়িয়ে দেয়। একই রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের তেপথী মোড় এলাকায় আরেকটি ব্যানার দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নিসংযোগ করে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করা হয়।
এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করে নওফল জমির বলেন, এটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি প্রচেষ্টা।
এদিকে, এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু এবং তেঁতুলিয়া মডেল থানায় বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাশেদ আলী সরকার পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























