নোয়াখালীর সেনবাগে বিজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে বিদ্যালয়টির একটি কক্ষে আগুন লেগে আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সোয়া ৫টার দিকে বকশিরহাট বাজার সংলগ্ন বিদ্যালয়টিতে অগ্নিকাণ্ড শুরু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। বাজারের কাছাকাছি হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বিদ্যালয়টির একটি শ্রেণিকক্ষ, একটি চেয়ার, একটি টেবিল, ১২ জোড়া হাই-লো বেঞ্চ এবং তিনটি বৈদ্যুতিক পাখা সম্পূর্ণরূপে পুড়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছু উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেনবাগ ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সেনবাগ ফায়ার সার্ভিসের লিডার ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার রাত সাড়ে দশটার দিকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























