রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে বর্বরোচিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এই হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারটির বসতঘর ভাঙচুরসহ নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সি গফুর মল্লিকের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে বসতঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ করে এবং ঘরে থাকা গচ্ছিত প্রায় ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। একই সময়ে দুর্বৃত্তরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুট করে বলে ভুক্তভোগী পরিবারটি দাবি করেছে।
এই ঘটনার প্রতিকার চেয়ে গত শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় স্থানীয় নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজনকে নামধারী এবং আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্ব শত্রুতা ও ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, জীবনযুদ্ধে হার না মানা দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘকাল ধরে বাসে ও ট্রেনে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার এই সংগ্রামী জীবনের কথা জানতে পেরে গত বছরের ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। অসহায় এই বৃদ্ধের ওপর এমন হামলায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 

























