পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নে শ্রীমন্ত নদীর ওপর নির্মিত একটি লোহার সেতু এক মাস ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেতুর মূল কাঠামো ও বিম ভেঙে পড়ায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ২০০৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মুন্সিরহাটের পূর্ব পাশে শ্রীমন্ত নদীর ওপর এই লোহার সেতুটি নির্মাণ করে। প্রায় এক মাস আগে সিমেন্টবাহী একটি ভারী যানবাহন পার হওয়ার সময় সেতুর দক্ষিণ পাশের দ্বিতীয় পিলারের বিম ও ক্রস অ্যাঙ্গেলগুলো ভেঙে যায়। এতে সেতুর ভারবহন ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এবং ওপরের পিচ ঢালাইয়েও বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে নতুন স্টিল অ্যাঙ্গেল প্রতিস্থাপন ও সংস্কার করা না হলে সেতুটি যেকোনো সময় ধসে পড়তে পারে।
এই সেতুটি অত্র অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। মাধবখালী ও মির্জাগঞ্জ ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। বিশেষ করে মাধবখালী ও আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভিকাখালী ইউনাইটেড ও কালিকাপুর সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন আতঙ্ক নিয়ে এই নড়বড়ে সেতু পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সেতুটি যে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে, সে সম্পর্কে সতর্কতামূলক কোনো ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, জনদুর্ভোগ ও ঝুঁকির বিষয়টি আমলে নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণ করে সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ক্ষতিগ্রস্ত সেতুটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত মেরামতের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।
রিপোর্টারের নাম 

























