পটুয়াখালী-১ আসনের নির্বাচনি তৎপরতায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ‘জেড জেনারেশন’ বা বর্তমান প্রজন্মের শিশুদের উন্নত ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। তিনি অভিযোগ করেন, বিগত ১৫ বছরে পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
রোববার বিকেলে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজনা বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, একটি জাতিকে পঙ্গু করে দিতে হলে তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করাই যথেষ্ট। নেলসন ম্যান্ডেলার উক্তি স্মরণ করে তিনি বলেন, কোনো দেশ ধ্বংস করতে বোমা বা রকেটের প্রয়োজন হয় না, বরং তাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিলেই চলে। গত দেড় দশকে প্রশ্নপত্র ফাঁস এবং নকলের মহোৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের উন্নয়ন পরিকল্পনার প্রথম ধাপ হবে শিশুদের আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করা। দ্বিতীয় ধাপে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে দেশ ও জাতির অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। এছাড়া তৃতীয় ধাপ হিসেবে তিনি নারী শিক্ষার প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের উচ্চশিক্ষিত করতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার শাসনামলে নারী শিক্ষা অবৈতনিক করার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই দূরদর্শী পদক্ষেপের ফলেই আজ ঘরে ঘরে শিক্ষিত মা ও বোন তৈরি হয়েছে।
নির্বাচনি প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আলতাফ হোসেন চৌধুরী নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন জরিপে বিএনপি জনসমর্থনে এগিয়ে থাকলেও আগামী নির্বাচন সহজ হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই নানামুখী ষড়যন্ত্রের বিষয়ে আমাদের সতর্ক করেছেন। বিশেষ করে নারী ভোটকেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের জালিয়াতি বা ছদ্মবেশে কেউ ভোট দিতে না পারে, সে জন্য নারী ভোটার ও কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
রিপোর্টারের নাম 

























