দেশে বিনিয়োগের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে শিল্প-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং এর মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরী। তিনি বলেন, সুশাসন ও সঠিক পরিকল্পনা থাকলে চট্টগ্রামের এই অঞ্চলটি দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে।
শনিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নুরীয়া মাদ্রাসা মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে তিনি পাহাড়তলীর বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ড ও পাহাড়তলী এলাকা শিল্প ও বাণিজ্যের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে। নতুন নতুন শিল্পকারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠলে স্থানীয় যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও উল্লেখ করেন, সীতাকুণ্ড ও চট্টগ্রাম মহানগরীর পার্শ্ববর্তী এলাকা হিসেবে পাহাড়তলীর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। এ অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী। পর্যটন, ক্ষুদ্র শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে এই এলাকাটি উন্নয়নের মডেলে পরিণত হবে।
আসলাম চৌধুরী ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা খাতের উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে চট্টগ্রাম-৪ আসনকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। এসব লক্ষ্য বাস্তবায়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























