কুমিল্লা-০৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং কুমিল্লা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন বলেছেন, নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন আগামী ১২ তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে একটি সফল বিপ্লবে রূপ নেবে।
সোমবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের কথা উল্লেখ করে হাজী জসিম উদ্দিন বলেন, গত ৩০ বছর ধরে তিনি এই জনপদের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিনের এই নিবিড় সম্পর্কের কারণেই আজ দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে। ধানের শীষের আহ্বানে সাধারণ মানুষের এই অভূতপূর্ব সাড়া তাকে বিপুলভাবে আশাবাদী করে তুলেছে।
এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফার পাশাপাশি বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তার বিশেষ পরিকল্পনা রয়েছে। গত ১৭ বছরের অবহেলার কারণে এই অঞ্চলের রাস্তাঘাট ও অবকাঠামোর চরম অবনতি হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে তিনি ব্যক্তিগত উদ্যোগেও অনেক স্থানে সংস্কার কাজ করেছেন। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও রাস্তাঘাট পুনর্নির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন, এই আসনে অন্য যারা লড়ছেন, বিশেষ করে জামায়াতে ইসলামীর প্রার্থীকে এলাকার মানুষ খুব একটা চেনে না। যেখানে তিনি তিন দশক ধরে মানুষের পাশে আছেন, সেখানে অন্য প্রার্থীর পরিচিতি মাত্র দুই বছরের। ফলে তিনি কাউকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না। তবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি প্রার্থী অভিযোগ করেন, একটি বিশেষ পক্ষ প্রিসাইডিং কর্মকর্তাদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে কোনো ধরনের ভয়ভীতি বা অপপ্রচারে কান না দিতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ করে নারী কর্মীদের সাহসের সঙ্গে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনো বাধাই ধানের শীষের বিজয় রুখতে পারবে না।
রিপোর্টারের নাম 
























