আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার আমিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এই চুরির বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-৩ আসনের অন্তর্ভুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিদ্যালয়টির পুরাতন ভবনে ছয়টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। তবে স্থাপনের কয়েক ঘণ্টার ব্যবধানে রাতের আঁধারে ভবনের মূল ফটকে থাকা একটি ক্যামেরা খুলে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় চোরেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে বিদ্যালয়ে ক্যামেরাগুলো লাগানো হয়েছিল। কিন্তু শুক্রবার সকালে এসে দেখা যায়, প্রধান ফটকের ক্যামেরাটি নেই। স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে যে, বিদ্যালয় ভবনের পাশাপাশি পার্শ্ববর্তী একটি মসজিদের সিসি ক্যামেরাটিও চুরি হয়েছে।
চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক শিবলিজ্জামান। তিনি জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ছয়টি ক্যামেরা লাগানো হয়েছিল, যার মধ্যে একটি চুরি হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের নতুন ভবনের অন্যান্য কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঢাকা জেলা সহকারী রিটার্নিং অফিসার মো. উমর ফারুক বলেন, “ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও আশ্বস্ত করেন এই কর্মকর্তা।
রিপোর্টারের নাম 
























