গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। রোববার (১ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া (জোনাকি মোড়) এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষকের প্রায় সাত লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গোয়ালঘরে গরু রেখে তিনি ঘুমাতে যান। রাত আনুমানিক ১টার দিকে তিনি একবার গোয়ালঘর পরিদর্শন করে গরুগুলো ঠিকঠাক দেখতে পান। তবে শেষ রাতে চোরচক্রটি তার থাকার ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। ভোরে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হতে না পেরে তিনি তার ভাতিজা শামীমকে মুঠোফোনে ডেকে আনেন। পরে ভাতিজা এসে বাইরের দরজা খুলে দিলে তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন পাঁচটি গরুই চুরি হয়ে গেছে।
চুরি হওয়া গবাদিপশুর মধ্যে একটি ষাঁড়, দুটি গাভী এবং দুটি বকনা রয়েছে। গোয়ালঘর সম্পূর্ণ ফাঁকা হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এই কৃষক। এলাকাবাসীর দাবি, চোরচক্রটি অত্যন্ত সুকৌশলে রফিকুল ইসলামকে ঘরে বন্দি করে রেখে নির্বিঘ্নে গরুগুলো নিয়ে চম্পট দিয়েছে।
এদিকে, এই চুরির ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। তারা দ্রুত এই চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে মন্তব্য জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া সম্ভব হয়নি।
রিপোর্টারের নাম 
























