বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত রাখতে যুবসমাজের অংশগ্রহণে সেনাবাহিনীর চেয়ে দ্বিগুণ সদস্যের একটি শক্তিশালী ‘রিজার্ভ ফোর্স’ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সুরক্ষায় যুবকদের সম্পৃক্ত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
রোববার সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত ‘শাপলা কলি’ প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে আয়োজিত এক বিশাল প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে এই পরিকল্পনার কথা জানান এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশ বিভিন্ন সময়ে সার্বভৌমত্বের সংকটে পড়েছে। কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দলকে ব্যবহার করে দেশের স্বাধীনতাকে বিপন্ন করার অপচেষ্টা চালানো হয়। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা দেশের উদ্যমী যুব সমাজকে ঢাল হিসেবে কাজে লাগাতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এনসিপি তাদের নির্বাচনী ইশতেহারে সেনাবাহিনীর দ্বিগুণ পরিমাণ রিজার্ভ ফোর্স গঠনের এই সুনির্দিষ্ট ঘোষণা অন্তর্ভুক্ত করেছে।
অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “কোনো কোনো দল ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের মতো জনলোভন প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু দেশের ওপর কোনো আগ্রাসন এলে তারা কীভাবে তা মোকাবিলা করবে, সে বিষয়ে তাদের কোনো সুষ্পষ্ট রূপরেখা নেই।”
মনোনয়ন বাণিজ্য ও স্থানীয় নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “শীতকালে যেমন বিদেশ থেকে অতিথি পাখি আসে, তেমনি নির্বাচনের সময় কিছু দল নামধারী জাতীয়তাবাদীদের মনোনয়ন দিচ্ছে যারা মূলত জনবিচ্ছিন্ন। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই।”
উক্ত জনসভায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন এবং সিরাজগঞ্জ-৬ আসনের এনসিপি মনোনীত প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও টেকসই উন্নয়নে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে এনসিপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























