দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত ১১ দলীয় জোটের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভাঙচুরের মিথ্যা নাটক সাজিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তোলা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নবাবগঞ্জ উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় জোটের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জোট নেতারা তাদের অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরেন। লিখিত বক্তব্যে তারা জানান, গত শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের দলার দরগা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের একটি প্রচার মিছিল শেষে সমাবেশ চলছিল। এ সময় পাশের ধানের শীষ প্রতীকের প্রচার অফিস থেকে উচ্চস্বরে গান বাজানো শুরু হয়, যা সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
জোট নেতারা অভিযোগ করেন, দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীরা শান্তিপূর্ণভাবে কেবল কয়েক মিনিটের জন্য সাউন্ড বক্স বন্ধ রাখতে অনুরোধ জানালে ধানের শীষের সমর্থকরা উল্টো তাদের কর্মীদের ওপর চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দাঁড়িপাল্লা প্রতীকের নেতারা দ্রুত তাদের কর্মী-সমর্থকদের স্থান ত্যাগ করে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় যে, এরপর ধানের শীষের সমর্থকরা দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীরা তাদের অফিস ভাঙচুর করেছে—এমন একটি মিথ্যা নাটক সাজিয়ে প্রতিবাদ মিছিল বের করে এবং প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করে। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমেও মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে জোট নেতারা দাবি করেন।
এই ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতারা স্পষ্ট করেন যে, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষ থেকে কোনো প্রকার হামলা, ভাঙচুর বা সহিংসতার ঘটনা ঘটেনি। তারা এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কাসেম, সেক্রেটারি রেজাউল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি ড. আ ফ ম আকমল হোসাইন, কর্মপরিষদ সদস্য আব্দুর রহিম, ওবায়দুল ইসলাম, সেলিম রেজা, নবাবগঞ্জ উপজেলা এবি পার্টির সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইঞ্জি: জাহিদ হোসাইন, বিনোদনগর ইউনিয়ন আমির আজিজুল ইসলাম, গোলাপগঞ্জ ইউনিয়ন আমির আকরাম হোসেনসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























