সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বহুতি বাজারে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে অবস্থিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে কার্যালয়ের আসবাবপত্র ও নির্বাচনী সামগ্রী পুড়ে গেছে বলে জানা গেছে।
রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মাদ জাহিদুল ইসলাম এই ঘটনাকে ‘অত্যন্ত ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, এটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার একটি সুপরিকল্পিত চক্রান্ত। তার দাবি, রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করার সাহস না পায়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে তারা সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াত প্রার্থীর প্রধান এজেন্ট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি তদন্ত করে একটি প্রতিবেদন দেবেন এবং বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।
রিপোর্টারের নাম 
























