নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনে সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। গত রোববার (১ ফেব্রুয়ারি) বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নে দিনব্যাপী প্রচারণায় অংশ নিয়ে তিনি জনগণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণার অংশ হিসেবে সকালে তিনি বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিগরী বাজার থেকে কার্যক্রম শুরু করেন। দিনভর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা, অভাব-অভিযোগ ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা শোনেন। একই সঙ্গে তিনি বেশ কয়েকটি পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশের জনগণ এখন সুশাসন ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তি পেতে মানুষ আজ অতিষ্ঠ। তিনি আরও বলেন, একটি উন্নয়নমুখী, ন্যায়বিচারপূর্ণ ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করাই সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা।
জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভোটের মাঠে সাধারণ মানুষের যে ভালোবাসা ও আস্থা পাচ্ছি, তা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করছে। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়ন, নৈতিকতা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীরা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এসব পথসভা ও উঠান বৈঠকে বিপুলসংখ্যক ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, বাগাতিপাড়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শফিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা বরাত আলী এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 
























