বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, প্রায় ১৮ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সারা দেশের মতো নাটোরও সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। গতকাল রবিবার নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নের চানপুর বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
গণসংযোগকালে দুলু বলেন, এই সময়ে দেশজুড়ে হত্যা, গুম ও লুটপাটের মাধ্যমে দেশকে অশান্ত করে তোলা হয়েছে। বিরোধী মতাদর্শের মানুষকে শান্তিতে বসবাস করতে দেওয়া হয়নি এবং তাদের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
তিনি প্রতিশ্রুতি দেন, আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সারা দেশের মতো নাটোরকে শান্তির শহর হিসেবে গড়ে তোলা হবে। কোনো সন্ত্রাসী বা মাস্তানিকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
দুলু আরও বলেন, তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রাজনৈতিক চিত্র পাল্টে গেছে। সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে এবং আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি জোর দিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে জয়ী হয়ে ৩১ দফার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গঠন করবে।
পথসভায় অন্যদের মধ্যে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহমেদ রনি এবং জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।
সাবেক মন্ত্রী দুলু স্মরণ করিয়ে দেন, তিনি সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালে নাটোরের ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন। এরপরের আওয়ামী লীগ সরকার নাটোরের উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি, বরং শুধু লুটপাটে ব্যস্ত ছিল। তিনি নাটোরের মানুষকে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত হলে তিনি তার পূর্বের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
রিপোর্টারের নাম 
























