বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগের তীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকদের দিকে।
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর হাতপাখা প্রতীকের প্রার্থী রাসেল সরদার মেহেদী তার কর্মী-সমর্থকদের নিয়ে খাঞ্জাপুর এলাকায় নির্বাচনি প্রচার চালাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক আকস্মিকভাবে তাদের প্রচারে বাধা দেয়। এতে হাতপাখার সমর্থক ও বাধা প্রদানকারী যুবকদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। প্রার্থী রাসেল সরদার মেহেদীর একটি ফেসবুক লাইভে এই ঘটনার চিত্র দেখা যায়।
হাতপাখা প্রতীকের সমর্থকরা অভিযোগ করে বলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপনের কয়েকজন সমর্থক তাদের প্রচারে বিঘ্ন সৃষ্টি করেছে। তীব্র প্রতিরোধের মুখে একপর্যায়ে বাধা প্রদানকারীরা পিছু হটে যেতে বাধ্য হয়। তারা আরও জানান, এর আগে এই আসনে স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের ওপর ধানের শীষের সমর্থকরা একাধিকবার হামলা চালিয়েছে এবং তাদের প্রচারেও বাধা দিয়েছে। শনিবার এই প্রথম হাতপাখা প্রতীকের প্রার্থীর প্রচারে এমন ঘটনা ঘটলো। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী রাসেল সরদার মেহেদী বলেন, কোনো ধরনের বাধা বা হুমকি দিয়ে আমাদের নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না। যারা এমন কাজ করছেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে জনগণ তাদের ভালোবাসার সঠিক জবাব দেবে। তিনি আরও বলেন, এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। এ জন্য তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
রিপোর্টারের নাম 
























