চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী আক্তার অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বৈরাগ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথবাহিনী।
সকাল ৭টার দিকে পরিচালিত এই অভিযানে আক্তারের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আক্তারের নির্বাচনী প্রচারণায় উপস্থিতির একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি অনুযায়ী, আটকের সময় আক্তারের কাছ থেকে একটি দেশীয় শটগান (এলজি), একটি বিদেশি রিভলভার, একটি হাতলসহ ও একটি হাতলবিহীন চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি গুলি অপসারণ স্টিক, চারটি পটকা, একটি টর্চার চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























