মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি সন্দেহজনক আস্তানায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ককটেল তৈরির সরঞ্জামসহ হাসান আকন (২৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক হাসান একই গ্রামের নিজাম আকনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় হাসান আকনের আস্তানা থেকে ২৩টি ককটেল উদ্ধার করা হয়। যৌথবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত ককটেলগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক হাসান আকনকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম। তিনি আরও জানান, ককটেল তৈরির সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 
























