আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের তারাগঞ্জে আয়োজিত এক বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতার পটপরিবর্তন নয়, বরং এটি জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক ও নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম।
শনিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের তেতুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশে একটি মানবিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে ইসলামী আদর্শের রাজনীতির কোনো বিকল্প নেই। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। দীর্ঘ সময় ধরে দেশের মানুষ তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার পরিকল্পিতভাবে ভোট চুরির সংস্কৃতি চালু করে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে দেখতেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। তবে চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে সেই অপশক্তির পতন ঘটেছে।
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো অপরাধ ছাড়াই তাকে টানা ১৪ বছর কারাবন্দি রাখা হয়েছিল এবং তার বিরুদ্ধে তিনটি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমতে আজ তিনি মুক্ত হয়ে জনগণের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া তার নেই; দেশের মানুষের কল্যাণ এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তিনি বাকি জীবন উৎসর্গ করতে চান।
দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামী কেবল সাময়িক ত্রাণের রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণকে আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে তুলতে চায়। দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে তাকে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য তিনি উপস্থিত জনমন্ডলীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-যুবক এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন।
রিপোর্টারের নাম 






















