জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমাজের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনটি ঘোষণা করেছে যে, তারা যদি সরকার গঠনের সুযোগ পায়, তবে কারো প্রতি কোনো প্রকার জুলুম, অন্যায় বা বৈষম্য বরদাস্ত করা হবে না। বরং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গড়ে তোলাই হবে তাদের মূল লক্ষ্য।
সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান এই অঙ্গীকার করেন। তিনি বলেন, “আমরা আপনাদের উপর শাসন করতে আসিনি, বরং আপনাদের খেদমত করতে এসেছি। আপনারা যদি আমাদের সেই সুযোগ দেন, তবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করবো। সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার তাদের বুঝিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, শুধু পৃথিবীর মানুষের কাছেই নয়, একদিন আল্লাহর দরবারেও আমাদের জবাবদিহি করতে হবে। সেই ভয় অন্তরে রেখেই আমরা মানুষের সেবা করতে চাই। ক্ষমতা আমাদের মূল লক্ষ্য নয়, বরং মানুষের কল্যাণই আমাদের রাজনীতির প্রধান উদ্দেশ্য।”
মিরসরাই-১ আসনে (চট্টগ্রাম-১) প্রতিদ্বন্দ্বিতা করা অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, “আমি মিরসরাইবাসীর সেবা করতেই এসেছি। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা যদি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তবে আমি সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি সমাজ গড়ে তুলবো। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মিরসরাইকে একটি আদর্শ জনপদে রূপান্তর করা হবে, ইনশাআল্লাহ।”
তাঁর গণসংযোগকালে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি নেতা প্রভাষক আশরাফ, সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, মিঠাছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. আসগর হোসেন, সাবেক ছাত্র নেতা জিয়া উল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেদোয়ান, মো. হারুনসহ জামায়াত, ছাত্র শিবির এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 






















