নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনে বিএনপির সুনিশ্চিত বিজয়কে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি দেশবাসীকে এই অশুভ শক্তির অপতৎপরতা মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে সেই রাজনৈতিক গোষ্ঠীটি পুনরায় সক্রিয় হয়ে উঠেছে, যারা অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
তিনি আরও উল্লেখ করেন, কোনো ষড়যন্ত্রই জনগণের আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখতে পারবে না। দেশের মানুষ এখন সচেতন এবং তারা যেকোনো মূল্যে তাদের অধিকার পুনরুদ্ধার করবে। ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, জনগণের বিজয় সুনিশ্চিত এবং তা নস্যাৎ করার যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
পথসভায় জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল এবং পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন শিকদারসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের কর্মীদের নিরলসভাবে কাজ করার নির্দেশনা দেন।
রিপোর্টারের নাম 






















