ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ১৪ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেছেন তার এসএসসি ২০১৪ ব্যাচের বন্ধুরা। শনিবার দুপুরে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়।
দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাচটির পক্ষ থেকে ১৪ লাখ টাকার একটি চেক হাসনাত আব্দুল্লাহর হাতে তুলে দেওয়া হয়। এসময় এসএসসি ২০১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে নির্বাচনী মাঠে একজন আদর্শবান ও জনপ্রিয় প্রার্থীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
হাসনাত আব্দুল্লাহের প্রতি তাদের পূর্ণ আস্থা প্রকাশ করে ব্যাচের বন্ধুরা জানান, সততা, ন্যায়পরায়ণতা এবং গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী একজন প্রার্থী হিসেবেই তারা তাকে সমর্থন করছেন। এই গভীর বিশ্বাস থেকেই তারা স্বেচ্ছায় এই আর্থিক সহযোগিতা প্রদানে এগিয়ে এসেছেন।
চেক গ্রহণকালে হাসনাত আব্দুল্লাহ আবেগাপ্লুত হয়ে তার ব্যাচের বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সহযোগিতা কেবল একটি আর্থিক সহায়তা নয়, এটি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের এক উজ্জ্বল প্রতিফলন। এই অকৃত্রিম ভালোবাসাই আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং জনগণের অধিকার আদায়ে আরও দৃঢ়ভাবে কাজ করতে নিরন্তর অনুপ্রাণিত করবে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী মাঠে হাসনাত আব্দুল্লাহর প্রতি দিন দিন জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ তার প্রচারণায় নতুন গতি আনছে এবং তাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 






















