দেশের ঐতিহ্যবাহী লোকসংগীতের সুর আর মূর্ছনায় মুখরিত ছিল সাভারের আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টারের প্রাঙ্গণ। জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে পর্দা নামলো দেশের বৃহত্তম লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন গাজীপুরের প্রতিযোগী সোহাগ নূরী। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আসরের মাধ্যমে আরও একবার বাংলার লোকসংগীতের জয়গান গাওয়া হলো।
বাংলার লোকসংগীতের বিশুদ্ধতা রক্ষা, এর জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই সুরের ধারাকে ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে ২০১৩ সালে প্রথমবারের মতো যাত্রা শুরু করে ‘ম্যাজিক বাউলিয়ানা’। এরই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো এর পঞ্চম আসর, ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’। গত আগস্ট মাস থেকে শুরু হওয়া এই আসরে অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রায় ৪০ হাজার প্রতিযোগী অংশ নেন। দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সেরা ৫ জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে স্থান করে নেন।
চূড়ান্ত পর্বে সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন গাজীপুরের সোহাগ নূরী। বিজয়ী হিসেবে তিনি পেয়েছেন ৫ লক্ষ টাকার চেক। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে প্রথম রানার-আপ হয়েছেন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা, যিনি পেয়েছেন ৩ লক্ষ টাকার চেক। নওগাঁর এনামুল হক মধু ২ লক্ষ টাকার চেক নিয়ে হয়েছেন দ্বিতীয় রানার-আপ। এছাড়াও সেরা পাঁচের বাকি দুই প্রতিযোগী, চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্ণা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করে বিশেষ উৎসাহ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকার চেক লাভ করেন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত তিন বিচারক বাউল শফি মন্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও মাছরাঙা টেলিভিশন-এর নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু।
জমকালো এই আয়োজনের শুরুতেই সেরা ১০ প্রতিযোগীর কণ্ঠে থিম সং পরিবেশনা পুরো মঞ্চে এক প্রাণবন্ত আবহ তৈরি করে। এরপর একে একে মঞ্চ মাতান সেরা ৫ প্রতিযোগী—আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা, রজনী খাতুন, এনামুল হক মধু এবং সোহাগ নূরী। অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল লালনকন্যা ফরিদা পারভীনের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন। মেন্টরদের মনোমুগ্ধকর পরিবেশনার পাশাপাশি বিচারক শফি মন্ডল, নিগার সুলতানা সুমি এবং পার্থ বড়ুয়ার বিশেষ পরিবেশনা ‘তিন পাগলের মেলা’ দর্শকদের মুগ্ধ করে তোলে। বিগত আসরগুলোর চ্যাম্পিয়ন ও জনপ্রিয় শিল্পীদের (শিবলী সাদিক, আয়েশা জেবিন দীপা, পাখি বাউলিয়ানা ও শফিউল বাদশা) যৌথ পরিবেশনা বাউলিয়ানার দীর্ঘ ঐতিহ্যকে তুলে ধরে এক অনন্য নজির স্থাপন করে।
অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও জনাব মালিক মোহাম্মদ সাঈদ বলেন, “যেকোনো দেশের সংস্কৃতির একদম কেন্দ্রে থাকে লোকগান, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলার লোকগানের যে ভিন্নতা ও গভীরতা, তা এতটাই ব্যাপক যে শতবছর আগেকার লেখা গান এখনো প্রাসঙ্গিক। এই ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ও সংরক্ষণের প্রচেষ্টায় যারা পাশে ছিলেন, তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”
‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর এই বিশাল আয়োজনে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোব পার্টনার হিসেবে যুক্ত ছিল বিশ্বরঙ এবং সম্প্রচার সহযোগী হিসেবে ছিল মাছরাঙা টেলিভিশন। দর্শকদের সুবিধার্থে ম্যাজিক বাউলিয়ানার এ পর্যন্ত প্রচারিত সব কটি পর্বই কর্তৃপক্ষ তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সংরক্ষণ করেছে, যা যেকোনো সময় উপভোগ করা যাবে।
রিপোর্টারের নাম 






















