আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে রেলপথে নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলযাত্রী, ট্রেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল শনিবার এই নির্দেশনা জারি করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে যে, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বা নাশকতামূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করতে পারে। এক্ষেত্রে গণপরিবহন হিসেবে রেলওয়েকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে রেলের যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা বিধানে করণীয় নির্ধারণ, তার বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাধারণ জনগণের প্রতিও বিশেষ অনুরোধ জানানো হয়েছে। কোনো প্রকার নাশকতা বা রেলের ক্ষতিসাধনের প্রচেষ্টা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেল স্টেশনের কর্মচারী, সংশ্লিষ্ট গেট কিপার অথবা রেল পুলিশকে অবহিত করতে বলা হয়েছে। এছাড়াও, বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ ফোন করেও কর্তৃপক্ষকে তথ্য জানানো যাবে।
রিপোর্টারের নাম 

























