আন্তর্জাতিক কূটনীতিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহসভাপতি নির্বাচিত হয়েছে দেশটি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় পাঁচ সদস্যবিশিষ্ট নতুন ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত হয়েছে।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২০তম অধিবেশনে মরক্কো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে। অন্যদিকে, বাংলাদেশের পাশাপাশি সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া।
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা। এটি মূলত বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি বজায় রাখতে এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে। আন্তর্জাতিক শান্তি রক্ষা ও সংঘাত নিরসনে বাংলাদেশের দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ এবং জোরালো ভূমিকার স্বীকৃতি হিসেবে এই অর্জনকে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হলো। বিশেষ করে বিশ্বজুড়ে শান্তি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের যে অভিজ্ঞতা ও অবদান রয়েছে, তা এই কমিশনের মাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে। ২০২৬ মেয়াদে এই দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
রিপোর্টারের নাম 

























